দীর্ঘ রাজনৈতিক পথচলায় নতুন অধ্যায়ে পা রাখলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন পার্থ। একই অনুষ্ঠানে আরও কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
১৯৭৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করা আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাবার হাত ধরেই রাজনীতির সঙ্গে পার্থের সরাসরি সম্পৃক্ততা শুরু হয়।
পার্থের মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাগ্নি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। ফলে পারিবারিকভাবেই দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।
সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান পার্থ। ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে ঢাকার ব্রিটিশ স্কুল অব ল-এর অধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।
রাজনীতিতে উত্থান
আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন পার্থ। ২০০০ সাল থেকে বাবা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে সরাসরি রাজনীতিতে অংশ নেন তিনি। ২০০৮ সালের এপ্রিলে বাবার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নির্বাচিত হন।
একই বছর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বর্জন করে তার দল। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পার্থ।
এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয় পাওয়ার পর এবার বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন আন্দালিব রহমান পার্থ।
দীর্ঘদিনের দলীয় রাজনীতি, সংসদীয় অভিজ্ঞতা এবং আইন পেশার সঙ্গে সম্পৃক্ততার পর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে পার্থের রাজনৈতিক জীবনে নতুন দায়িত্বের সূচনা হলো।