সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবারের মতো বড় ধরনের রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। পরে তাদের দপ্তরও বণ্টন করা হয়।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
কে পেলেন কোন মন্ত্রণালয়
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির প্রবীণ নেতা আবদুল মঈন খান। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে।
দীর্ঘদিন খালি থাকা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন। অন্যদিকে ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। একই মন্ত্রণালয়ে বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম।
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এক মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী থাকলে অসুবিধা নেই।
মন্ত্রিসভায় এই রদবদলের মধ্য দিয়ে সরকারের ছয় মাসের মাথায় প্রথমবারের মতো বড় পরিসরে দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।