সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় এ অনন্য সাফল্য অর্জন করেন তিনি। নুরুদ্দিন জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
চতুর্থ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর কঠোর মূল্যায়নের পর সেরা নির্বাচিত হন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
বুধবার মক্কার মসজিদুল হারামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের আসরে পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, এর শিক্ষা অনুধাবন এবং কোরআনের প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
এদিকে, একই প্রতিযোগিতার ৩০ পারা বিভাগে বাংলাদেশের আরেক প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান অর্জন করেছেন। ফলে এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
-টিএস