ঢাকার সাভারে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির গলায় লাল স্কচটেপ প্যাঁচানো এবং মুখের ভেতর চাল ও পলিথিন ঢোকানো ছিল।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকায় হারুন অর রশিদের তিনতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আব্দুর রহমান (৫)। সে জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ি এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। পরিবারটি ওই বাড়ির নিচতলার বাসায় ভাড়া থাকে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুর রহমান বাসা থেকে বের হয়। এর ১০ মিনিট পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে কোথাও পাওয়া যায়নি। সন্ধ্যায় ভবনের ছাদে প্লাস্টিকের বস্তার ভেতর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়িওয়ালা হারুনের স্ত্রী রিনা বেগম।
রিনা বেগম বলেন, ‘আমি বাসার ছাদে হাঁস পালন করি। সন্ধ্যায় হাঁসকে খাবার দিতে ছাদে উঠি। পরে খাঁচা খোলার সময় একটা হাঁস বের হয়ে যায়। একে ধরতে গেলে উড়াল দিয়ে পাশে থাকা নেটের ওপর পড়ে। তখন নেটের নিচ থেকে একটা সাদা বস্তা বেরিয়ে আসে। আমি আরও কাছে গিয়ে বস্তাটি দেখে ভয় পেয়ে ডাকাডাকি শুরু করি। শুনে সবাই ওপরে আসে। এরপর বস্তার ভেতর বাচ্চাটির ওই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যাই।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ সে বিষয় নিয়ে কাজ করছে।’
এসএ