ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইংল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন বাবর, পাকিস্তানের নেতৃত্বে সালমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:১৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চোটের কারণে হেডিংলিতে বুধবার শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

বাবরের প্রথম টেস্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদ। তিনি জানান, বাবরের আঙুলে চোট রয়েছে এবং প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

গত শুক্রবার বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার ডান হাতে আঘাত করে। একই হাতে এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোট পেয়েছিলেন এই ব্যাটার।

বল হাতে লাগার পর ব্যথায় কাতরাতে দেখা যায় বাবরকে। পরে মাঠ ছেড়ে যান তিনি এবং প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর খেলেননি।

বাবরের চোট নিয়ে অনিশ্চয়তার মধ্যে পাকিস্তান দল জানিয়েছিল, ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।

বাবরকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান কোচ। সারফারাজ বলেন, মেডিকেল টিম তার পরীক্ষা-নিরীক্ষা করছে এবং আঙুলে এখনও বেশ ব্যথা রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে কয়েক দিন সময় থাকায় তিনি এর মধ্যেই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৭ আগস্ট লর্ডসে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ড্র হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুটি ফিফটিতে করেছিলেন ১৯৩ রান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আবার পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে ফেরানো হয়েছিল বাবরকে। ফলে সিরিজের শুরুতেই তার ছিটকে পড়া পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, সালমান আলী আঘা এর আগে কখনো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেননি। তবে তিন সংস্করণেই জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি। বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কও সালমান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝