হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন মির্জা সুমন ও রাকিব আহমেদ রাজু।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন মাহদী হাসানসহ কয়েকজন। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি না থাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছিল।
আটকের প্রায় ২১ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুক্তির সময় হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, আটক ব্যক্তিদের স্বজন ও সাংবাদিকদের উপস্থিতি ছিল।
এমআর/আরএন