সিলেটের গোয়াইনঘাটে আপন ভাইয়ের দায়ের কোপে কলিম উল্লাহ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকালের দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘীরপার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ ওই গ্রামের তুতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কলিম উল্লাহর এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় যান কলিম উল্লাহ। সেখানে তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে বাড়িতে ফেরার পর সয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কলিম উল্লাহর ওপর হামলা চালান। উপর্যুপরি কোপে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসএ