ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহবাগ মোড়ে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম
X

ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নতুন এই প্রযুক্তির ফলে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সার্বক্ষণিক ম্যানুয়াল হস্তক্ষেপের প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। এর কারণে প্রতিদিন নগরবাসীর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজট কমিয়ে সড়কে যান চলাচল আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে রাজধানীর ২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ব্যবস্থাটি স্থাপন করা হচ্ছে।

ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে ইতোমধ্যে সিগন্যাল ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোড়গুলো হলো—বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ। এর মধ্যে শাহবাগ মোড়েই বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই ডিএসসিসির আওতাধীন আরও ২২টি মোড়ে সিগন্যাল চালু করা হবে।

নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না। তবে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করবে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর।

আবদুস সালাম বলেন, সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। চালক ও পথচারীদের ট্রাফিক সিগন্যাল ও আইন অমান্য করার প্রবণতা পরিহার করতে হবে। পাশাপাশি ট্রাফিক সতর্কীকরণ চিহ্ন, সড়কের দাগ, জেব্রা ক্রসিং এবং নির্ধারিত লেন মেনে চলার আহ্বান জানান তিনি।

ইন্টারসেকশনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং সেখানে ভাসমান দোকান না রাখারও আহ্বান জানানো হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, আধুনিক এই ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত হলে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয়ের পাশাপাশি রোদ-বৃষ্টিতে সড়কে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাগত কষ্টও কমবে।

তিনি বলেন, প্রযুক্তির সুফল নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। একই সঙ্গে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে ঢাকাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বুয়েটের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝