ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৪৪ এএম
X

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এ জন্য কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।

গত ৮ আগস্ট বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতি পত্রের ফি ১৫০ টাকা

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর কোনো শিক্ষার্থী চাইলে অতিরিক্ত বিষয়ের জন্যও পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে আবেদন করা যাবে, তবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। এজন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।

যেভাবে আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে হবে। এরপর ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে মোট ফির পরিমাণ দেখা যাবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালে থাকা ‘হেল্প’ বাটন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধ সফলভাবে সম্পন্ন হলে পুনরায় আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

গতকাল প্রকাশ হয়েছে এসএসসির ফল

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠাতে হবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে।

উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝