ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশ ফুটবল দলের কোচ জোন্স আছেন বেতন সংক্রান্ত ঝামেলায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সের বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই কোচের অ্যাকাউন্টে বেতন পাঠানো হয়েছে। তবে জোন্সের দাবি, টাকা পাওয়ার পরও ব্যাংকিং জটিলতা, ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার কারণে তিনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জোন্স জানিয়েছিলেন, তিনি বেতনের অপেক্ষায় আছেন এবং স্ত্রী-সন্তানদের খাবারের টাকা পাঠাতে পারছেন না। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এরপর দেওয়া আরেক পোস্টে অবশ্য জোন্স জানান, টাকা তিনি পেয়েছেন। তবে সেটি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। জোন্স বলেন, ‘এখন আমি ব্যাংকিং-সংক্রান্ত একটি সমস্যার মধ্যে আছি। আমি অর্থ পেয়েছি ঠিকই, তবে এর সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে। এমন কিছু নতুন সমস্যাও সামনে এসেছে, যেগুলো সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি।’

ব্যক্তিগত আর্থিক তথ্যের গোপনীয়তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইংলিশ এই কোচ। তাঁর দাবি, ঢাকায় ও যশোরে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা তাঁকে অস্বস্তিকর ও অসহায় করে তুলেছে। এমনকি গাড়ি ঘিরে ধরে টাকা চাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন জোন্স, ‘এখানে আমি নিজেকে খুব একা এবং বিপন্ন মনে করছি। আমি ভয় পাচ্ছি, আতঙ্কিত বোধ করছি। আমি ভীষণভাবে বিপর্যস্ত, অসহায় এবং একা।’

তবে বাফুফের বক্তব্য, চুক্তিতে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও সেই সময়ের মধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী, ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। সে ভাবেই আমরা তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। এরপর কী হলো সেটা বলতে পারব না।’

বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। সেখানেই দলের সঙ্গে ছিলেন জোন্স। বাফুফের একটি সূত্র জানিয়েছে, বেতন নিজ দেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে আজ দুপুরে যশোর থেকে ঢাকায় এসেছেন তিনি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মানসিক অবস্থার কথাও জানিয়েছেন জোন্স, ‘আমি ভেতরে-ভেতরে একদম শেষ হয়ে গেছি। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারকে হতাশ করেছি, আমার স্ত্রী এবং সন্তানদের প্রচণ্ড হতাশ করেছি। আমি খুবই ভেঙে পড়েছি, সত্যিই খুব কষ্ট পাচ্ছি।’

গত জুনে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই ইংলিশ কোচ। দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই বেতন, ব্যাংকিং জটিলতা ও নিরাপত্তা নিয়ে তাঁর এমন প্রকাশ্য উদ্বেগ এখন বাফুফের জন্যও নতুন এক পরিস্থিতি তৈরি করেছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝