অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আঙুলের ফোলা ও ব্যথা কমে আসায় প্রথম টেস্টের আগেই এই বাঁহাতি স্পিনার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন দলের ফিজিও।
প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলিংয়ের আঙুলে চোট পান তাইজুল। এর আগে কোরি রকিচেলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেন তিনি। চোট পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান এই বাঁহাতি। তবে এরপর আর প্রথম ইনিংসে বোলিং করতে পারেননি। তাঁর পরিবর্তে দ্বিতীয় দিনে বল হাতে নেন মুশফিক হাসান।
তাইজুলের চোটের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ব্যাটিংয়ের সময় বোলিংয়ের আঙুলে ব্যথা অনুভব করেন তাইজুল। এরপর আঙুলে ব্যান্ডেজ করে তাঁকে বিশ্রামে রাখা হয়। পরবর্তী পর্যবেক্ষণে দেখা গেছে, আঙুলের ফোলা ও ব্যথা দুটিই কমে এসেছে।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। তার আগে প্রস্তুতি ম্যাচে অবশ্য বড় ধাক্কা খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এসএফ