ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারের ৩ ইউনিয়নকে কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম
X

সাভারের তিনটি ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘সাভার আছি—সাভারেই থাকব’ স্লোগানে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ থানা ও উপজেলার অন্তর্ভুক্ত না করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর সাভার উপজেলার তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন স্থানীয়রা। এ কর্মসূচিকে কেন্দ্র করে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। ওই স্বাক্ষর ব্যবহার করে সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, তিনটি ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের সঙ্গে সাভারের মানুষের দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সাভার উপজেলা ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করে আসছেন। ফলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক ও নাগরিক সেবা নিতে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাভার শুধু তাদের প্রশাসনিক পরিচয় নয়; জন্ম, বেড়ে ওঠা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক যোগাযোগসহ নানা কারণে সাভারের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তাই প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও দীর্ঘদিনের বাস্তব সম্পর্ককে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে আরও আহ্বান জানানো হয়, ‘মাটি ও মানুষের টানে’ তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ‘কথা আমাদের একটাই, আমরা সাভারেই থাকতে চাই।’ পাশাপাশি ‘সাভার আছি—সাভারেই থাকব’ স্লোগানে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের দাবি, নাগরিক সেবার স্বার্থে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত ১০টি ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের সাতটি এবং সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং এর একটি কপি উপজেলা প্রশাসনও পেয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি; স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু মতামত চেয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, “এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের সঙ্গে কথা বলার পর স্থানীয়রা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।”

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝