খুলনা নগরীর দৌলতপুরে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতপুরের কুলিবাগান রেল কলোনি বস্তির বাসিন্দা হিরু ও নজু খাঁ।
আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে দৌলতপুরের কুলিবাগান রেল কলোনি এলাকায় নিজ বাসায় নখ কাটার সময় পা কেটে যায় ওই কিশোরীর। পরে ওষুধ আনতে গেলে আসামিদের একজনের ঘরে তাকে নিয়ে গিয়ে দুইজন পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার চার দিন পর কিশোরীর মা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। একই বছরের ৩০ জুন তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম।
২০১৪ সালের ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
এসএস/আরএন