ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে: নাহিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে।

মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের একটি কনভেনশন সেন্টারে ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লিগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষের ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।’

সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, তাই সব দখল করবে। এটা শেখ হাসিনাও ভেবেছিলেন। এর পরিণতি আপনারা দেখেছেন।’

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল গণ-অভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে নেমে আসবে। ১৭ জুলাই দমন-পীড়নের পর সবাই ভেবেছিল, আন্দোলন আর সামনে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্বীকৃতি প্রয়োজন। এর যথাযথ ডকুমেন্টেশনও প্রয়োজন। দুঃখের বিষয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝