ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারত থেকে মরিচ আমদানি, অর্ধেকে নেমেছে দাম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম
X

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এর ফলে কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় ১৩০ টাকা কমে অর্ধেকে নেমে এসেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগেও যে কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দাম কমতে শুরু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হিলি বাজারের খুচরা বিক্রেতা মোবারক হোসেন জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন কমে গিয়ে বাজারে সরবরাহ সংকট তৈরি হয় এবং দাম দ্রুত বেড়ে যায়। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর সরবরাহ বাড়তে শুরু করেছে, যার প্রভাব সরাসরি বাজারে পড়েছে। তিনি বলেন, আগে যেখানে ২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছেন, এখন তা ১৫০ টাকায় বিক্রি করছেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, সরকার ৭৪ জন আমদানিকারককে মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দিয়েছে। এর মধ্যে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে মোট ১০৪ টন কাঁচা মরিচ দেশে এসেছে।

বন্দরের একাধিক আমদানিকারক জানান, আমদানিকৃত কাঁচা মরিচের মানভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সেখান থেকে এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। তাদের মতে, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও বাড়বে এবং কাঁচা মরিচের দাম আরও কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

এদিকে স্থানীয় ক্রেতারা জানান, দীর্ঘদিন পর কাঁচা মরিচের দামে স্বস্তি ফিরেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমবে বলে আশা করছেন তারা।

জিএম/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝