প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জাল করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন-চক্রের হোতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম এবং মো. বকুল মন্ডল (৩৫)।
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কিছু কাগজ ডিবিকে দিয়ে তদন্তের জন্য বলা হয়। সেগুলো তদন্তের পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার মাদারীপুরের কালকিনি থানা এলাকা থেকে ফারুক হোসেন ও সাকিব খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মীর তৌহিদুল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে কালকিনি থানা থেকে মাসুম মুনসীকে ডিবির হেফাজতে নেওয়া হয়। পৃথক অভিযানে কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে আটক করা হয় বকুল মন্ডলকে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটারহেডের চার বান্ডিল, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে তৈরি ৪১টি জাল সিল, প্রতারণায় ব্যবহৃত আটটি মোবাইল ফোন, দুইটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
টিআইএস