বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজি সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ আরও বিভিন্নখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।”
উপ প্রেস সচিব স্বাধীন বলেন, “বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেছেন।”
তিনি বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তিনি।
দুই ভ্রাতৃ প্রতীম দেশের দীর্ঘদিনের সম্পর্কে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় ।”
উপ প্রেস সচিব স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী। এজন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।
সৌদি আরবের উপ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন।
এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।
ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজি দুইদিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসেন। মঙ্গলবার রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
টিআইএস