সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত আট বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ প্রবাসী আয়। একই সঙ্গে গত বছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ৩০ ও ৩১ জুলাই—এই দুই দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
তাদের ভাষ্য, রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়তে থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। পাশাপাশি আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আরএন