ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।
তাঁর অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী সেখানে এসে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে ছাত্রদলের কর্মী রাসেল দাবি করেন, সকালে ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক মন্তব্য করেন এবং এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
রাসেলের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা ও ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএন