ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিটফোর্ডে সোহাগ হত্যা
‘লাশের ওপর উঠে উল্লাস করেছিল আসামিরা’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম আপডেট: ০৩.০৮.২০২৬ ৮:২৫ পিএম
X
Advertisement

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী ও নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম আদালতে জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন।

জবানবন্দিতে মঞ্জুয়ারা বেগম বলেন, ২০২৫ সালের ৯ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে তার ভাই সোহাগকে হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, মাহিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, সজিব, রাজীব, রুমান বেপারী, আবির হোসেন, আলমগীর, অপু দাস, অভি, টিটন গাজী, রবিনসহ আরও অনেকে ইট, পাথর ও লাঠিসোটা দিয়ে সোহাগকে মারধর করে।

তিনি আদালতে বলেন, “আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তার ডান কান কেটে ফেলে, বাম চক্ষু উপরে ফেলে। মাথা পাথর দিয়ে থেঁতলে ফেলে জখম করে। হাত দুটো ভেঙে ফেলে। দেখে আমার ভাই মারা গেছে কিনা। লাশের ওপর উঠে উল্লাস করে।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, হত্যার পর আসামিরা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে তিনি সেখানে যান। পরে স্থানীয় লোকজন, দোকানের কর্মচারী ও আশপাশের মানুষের কাছ থেকে তথ্য এবং সিসিটিভি ফুটেজ দেখে মামলা দায়ের করেন।

সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তারা দাবি করেন, ঘটনাটি সরাসরি না দেখে এবং আসামিদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা না পেয়েও তিনি মামলা করেছেন। এর জবাবে মঞ্জুয়ারা বলেন, “এটা মিথ্যা।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন জানান, মঞ্জুয়ারা বেগমের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৩ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু

গত ১২ জুলাই এই মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

মামলার আসামিরা হলেন—মাহমুদ হাসান মহিন, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু ওরফে নান্নু কাজী, সজিব ওরফে সজিব বেপারী, টিটন গাজী, তারেক রহমান রবিন, জহিরুল ইসলাম, পারভেজ, সাগর, রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু ওরফে অভি, রুমান বেপারী, আবির হোসেন, জহির, ইমরান হোসেন, শারাফাত ওরফে শফিউল ইসলাম, হোসেন চৌকিদার, জিয়াউদ্দিন রাজিব, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির এবং অপু দাস।

তাদের মধ্যে ১০ জন কারাগারে রয়েছেন, ৮ জন পলাতক এবং ৩ জন জামিনে আছেন।

প্রকাশ্যে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনা

২০২৫ সালের ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে সোহাগ ওরফে লাল চাঁদকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনায় জড়িতদের অনেকেই সোহাগের পূর্বপরিচিত ছিলেন। তাদের কয়েকজন একসময় তার ব্যবসার সহযোগীও ছিলেন। ব্যবসায়িক বিরোধ থেকেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতয়ালী থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা প্রথমে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগপত্রে ত্রুটি-বিচ্যুতির কথা জানিয়ে অধিকতর তদন্তের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

পরবর্তীতে তদন্তভার পান কোতয়ালী থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ। তিনি ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ২১ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। এরপর ১২ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement