ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশ মেডিক্যালে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে “Transforming Cancer Care through Genomics and Precision Medicine” শীর্ষক আন্তর্জাতিক ক্লিনিক্যাল অনকোলজি বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানের প্যাট্রন ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক ক্যান্সার চিকিৎসায় জিনোমিকস ও প্রিসিশন মেডিসিন গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। রোগীর জিনগত ও আণবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা নির্বাচন করা সম্ভব হলে চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় পার্শ্বপ্রতিক্রিয়া হ্রাস এবং ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সারসেবা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশেও জিনোমিকস, মলিকুলার ডায়াগনস্টিকস, বায়োইনফরমেটিকস, জেনেটিক কাউন্সেলিং এবং প্রিসিশন অনকোলজিতে দক্ষ জনবল ও গবেষণা সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।

বক্তৃতামালায় দুইজন বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইউসিএল জিনোমিকসের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মার্ক ক্রিস্টিয়ানসেন এবং যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটি, নিউ জার্সির হিউম্যান জেনেটিকস বিভাগের অ্যাডজাঙ্কট অধ্যাপক ডা. দিয়েগো মারিন।

বিদেশি বক্তারা ক্যান্সারের জিনগত পরিবর্তন শনাক্তকরণ, মলিকুলার প্রোফাইলিং, বায়োমার্কারভিত্তিক চিকিৎসা নির্বাচন, টার্গেটেড থেরাপি, বংশগত ক্যান্সারের ঝুঁকি নিরূপণ এবং প্রিসিশন অনকোলজির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তাঁরা জিনোমিক তথ্যকে ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি মানসম্মত পরীক্ষাগার, প্রশিক্ষিত জনবল, তথ্যের নিরাপত্তা ও নৈতিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রিসিশন মেডিসিন বিষয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্নাতক ডা. ফারজানা ইয়াসমিন। তিনি বাংলাদেশে প্রিসিশন মেডিসিন ও জিনোমিকসের সম্ভাবনা, দক্ষ জনবল তৈরি, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনভিত্তিক শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

বিশেষ অতিথি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার জিনোমিক গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, গবেষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝