কক্সবাজারে প্যারাসাইলিং করার সময় ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে এ ঘটনা ঘটে।
মৃত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তার বাবার নাম শেখর রায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
জানা গেছে, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়।
পরে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কলাতলী সৈকতে ৫টি প্যারাসাইলিং থাকলেও সবগুলোই অবৈধ। গত জুন মাসে এসবের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে।
এ বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টিআইএস