রংপুর শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের অবকাঠামো উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। সড়ক সংস্কার ও নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে রসিকের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানান তিনি।
বুধবার (২৯ জুলাই) রংপুর নগরীর মাহিগঞ্জ ও টার্মিনাল এলাকায় প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার এবং চিকলি পার্ক এলাকায় ১ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রসিক প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত সড়কের আধুনিকায়নকাজ শুরু হয়েছে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, রংপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও যানজটমুক্ত নগরীতে পরিণত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামান, রংপুর মহানগর যুবদলের সদস্য-সচিব আতিকুল ইসলাম লেনিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বিশিষ্ট ঠিকাদার খায়রুল কবীর রানা, রসিকের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রসিক সূত্রে জানা গেছে, সরকারি উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ৯৫ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গসাইবাড়ি রোড পর্যন্ত ১ হাজার ৩৭৭ মিটার, ৯৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে মাহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটুলি পর্যন্ত ১ হাজার ৩৪০ মিটার এবং ৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে টার্মিনাল থেকে বড়বাড়ি রোড পর্যন্ত ৪ হাজার ১০০ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। এছাড়া ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চিকলি পার্ক এলাকায় ১ হাজার ২০ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এলওয়াই/এসআর