যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সোহাগ ফকির (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোহাগ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি এলাকার বাসিন্দা।
বুধবার (২১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান। মো. ছুফি উল্লাহ বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সোহাগ ফকির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত।
টিআই