অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি ফোন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও খোঁজখবর নেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে এ ফোনকলকে ইতিবাচকভাবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি জানান রবিউল ইসলাম নয়ন। তিনি লেখেন, সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পাওয়ার পরপরই ওপাশ থেকে ভেসে আসে তারেক রহমানের পরিচিত স্নেহভরা কণ্ঠ।
ফোনালাপে নয়নের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তারেক রহমান। রক্তে সংক্রমণ এবং প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার বিষয়টি জেনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
ফেসবুক পোস্টে নয়ন আরও লেখেন, “আমি আপ্লুত। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজখবর তিনি নিয়েছেন। পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে, তাঁর মতো একজন নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন।”
তারেক রহমানের এ খোঁজখবর নেওয়াকে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তাঁর দায়িত্বশীলতা ও মানবিক নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেবি