রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশের যৌথ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
মঙ্গলবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫টি অবৈধ চায়না দুয়ারি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,০৫,০০০ টাকা।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, জাটকা ও অন্যান্য মাছের সুরক্ষায় পরিচালিত অভিযানে পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে ৩৫টি চায়না দুয়ারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১,০৫,০০০ টাকা। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল উৎপাদন, বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি প্রভাবশালী বা ক্ষমতাবান হলেও আইনের বাইরে থাকার সুযোগ নেই।
এসআই/আরএন