বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৬ জুলাই) প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব সমস্যা সমাধানে তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
পারস্পরিক সুবিধাজনক সময়ে ২০২৬ সালের মধ্যে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সভায় কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্বও পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের চুক্তি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত জয়েন্ট বিজনেস কাউন্সিল সক্রিয় করা এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে এর সভা আয়োজনের বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের রাষ্ট্রদূত।
বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও গতিশীল করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
-টিএস