রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, লালবাগে ১৪৩টি, মতিঝিলে ২৯৫টি এবং ওয়ারীতে ১৮৭টি মামলা করা হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে ২১২টি, মিরপুরে সর্বোচ্চ ৩৮২টি, উত্তরা বিভাগে ২৫০টি এবং গুলশানে ১৮৯টি মামলা দায়ের করা হয়।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
-টিএস