গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পাটগাতি বাজারে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন এবং পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় ময়লা-আবর্জনা জমে পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে মশার উপদ্রব বেড়েছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর ইতোমধ্যে কয়েকটি স্থানে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। ড্রেন পরিষ্কার শেষে মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ওষুধও ছিটানো হবে।
তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সবাইকে এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, এ অভিযানের আওতায় পাটগাতি বাজার এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং পাচকাহনিয়া এলাকার ৫০০ মিটারসহ মোট প্রায় সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং পুরো কার্যক্রম শেষ করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।
তিনি বলেন, ড্রেন পরিষ্কার সম্পন্ন হলে চলতি বর্ষা মৌসুমে পৌর এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং নগরবাসী এর সুফল ভোগ করতে পারবেন।
এমএইচএম/এসআর