গোপালগঞ্জে আদালত কক্ষে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথায় পেপারওয়েট নিক্ষেপ করে আঘাত করার অভিযোগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম. গোলজার রহমান স্বাক্ষরিত চিঠিতে বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্ত বিচারকের প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) আদালতের কার্যক্রম চলাকালে। অভিযোগ অনুযায়ী, আদালত কক্ষের পেছনের দিকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথাবার্তা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
আহত আইনজীবীর সিনিয়র এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. জুলকদর রহমান বিচারককে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শুধু প্রত্যাহার নয়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
এমএইচ/আরএন