২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসনের হার ২০২৬ সালের মতো ১ শতাংশ বহাল রাখার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে সৌদি দূতাবাসে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য ব্যাকআপ আবাসনের হার ২ শতাংশ নির্ধারণ করেছে। এতে হজযাত্রীদের ব্যয় বেড়ে যেতে পারে। তাই বাংলাদেশের হজযাত্রীদের বিষয়টি বিবেচনা করে ২০২৬ সালের মতো ১ শতাংশ ব্যাকআপ আবাসন বহাল রাখার অনুরোধ জানান তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো আধা-সরকারি পত্র তিনি রোববার পেয়েছেন এবং সুপারিশসহ তা সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তিনি চলতি বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ওই আধা-সরকারি পত্রে ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখার পাশাপাশি মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে ধর্মমন্ত্রী এ বছরের হজ ব্যবস্থাপনা সফল করতে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করায় সৌদি সরকারকে কৃতজ্ঞতা জানান।
এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে সৌদি দূতাবাসে পৌঁছালে ধর্মমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত। বৈঠকে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেবি/ এসআর