রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর এবার কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সিনেটে একটি নতুন নিষেধাজ্ঞা বিল উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিল পাস হলে ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশ থেকে আমেরিকায় আমদানিকৃত পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হতে পারে।
প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার আওতায় ভারত ও চীন ছাড়াও রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজান। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বিলটির বিষয়ে জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা প্রধান দেশগুলোর ওপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, যা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে বিলে। শুধু তেল নয়, যারা রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করছে, তাদের বিরুদ্ধেও এই বিলে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়ার সঙ্গে বাণিজ্য সচল রাখা দেশগুলোর পণ্যে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিল এনেছিলেন, যা শেষ পর্যন্ত আইনে পরিণত হতে পারেনি। বর্তমান বিলটিকে আগের সেই প্রস্তাবেরই একটি পরিমার্জিত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সিনেট সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ২৬ জন সিনেটর এই নতুন বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন এবং আগামীতে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মার্কিন আদালতেই বড় ধাক্কা খেয়েছিল। আমেরিকার সর্বোচ্চ আদালত জানিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার আইন অপব্যবহার করে ট্রাম্প যে আমদানি শুল্ক চাপিয়েছিলেন, তা সম্পূর্ণ বেআইনি ছিল। পরবর্তীতে সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক চালুর ঘোষণাও আদালতের গ্যাঁড়াকলে পড়ে। এমন পরিস্থিতিতে আদালতের ধাক্কা সামলে আবারও নতুন করে ভারতসহ মিত্র দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর এই মার্কিন পরিকল্পনা বিশ্ব অর্থনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।
এসএ