টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এভাবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যা ও বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় মুহুরী নদীর পানির স্তর ছিল ১১ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটারের চেয়ে ১ দশমিক ১০ মিটার নিচে ছিল।
তবে উদ্বেগের বিষয় হচ্ছে পানির দ্রুত বৃদ্ধি। সোমবার সকাল ৬টায় নদীর পানির স্তর ছিল ৯ দশমিক ৩৫ মিটার। মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে বিকেল ৩টার মধ্যে তা ২ মিটার বেড়ে ১১ দশমিক ৪৫ মিটারে পৌঁছে। পরে রাত ৮টায় পানির স্তর আরও বেড়ে ১১ দশমিক ৫৮ মিটারে দাঁড়ায়।
স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশ ভেঙে পড়ে। ফলে নদীতীরবর্তী এলাকায় বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়মিতই দেখা দেয়। এবারও পানি দ্রুত বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
-টিএস