হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা এলাকার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত প্রায় অচল হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
জানা গেছে, দারাগাঁও, হাতিমারা চা বাগান ও রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। পাশাপাশি শতাধিক গ্রামের বাসিন্দা ও বিভিন্ন চা বাগানের শ্রমিকরা এই সড়ক ব্যবহার করেন। সড়কের কিছু অংশে কাজ হলেও পুরো সংস্কার শেষ না হওয়ায় বৃষ্টির সময় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
কালেঙ্গা এলাকার বাসিন্দা মো. হাসান আলীসহ কয়েকজন অটোরিকশাচালক জানান, কর্দমাক্ত ও ভাঙাচোরা সড়কে যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। অনেক সময় অটোরিকশা কাদায় আটকে যায় কিংবা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। বড় বড় গর্তের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় একটি চায়ের দোকানের কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
রেমা বাগানের বাসিন্দা জুবায়ের মিয়া বলেন, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে থাকায় চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। জরুরি অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। যেখানে পাঁচ মিনিটে পৌঁছানো সম্ভব, সেখানে এখন সময় লাগছে ৩০ থেকে ৪০ মিনিট।
কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন কর্দমাক্ত সড়ক পেরিয়ে বিদ্যালয়ে যেতে তাদের অনেক কষ্ট হয়। কাদার কারণে প্রায়ই পোশাক নোংরা হয়ে যায় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সড়কটির কর্দমাক্ত অবস্থার বিষয়ে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সংস্কারকাজ শুরু করার চেষ্টা করা হবে।’
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এমএসজেএ/এসআর