২০২৬ ফিফা বিশ্বকাপের ‘শেষ বত্রিশের’ মহানাটকীয় অধ্যায় শেষ। ৩২ দলের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের ধুলোবালি উড়ে যাওয়ার পর টিকে আছে কেবল ১৬টি পরাশক্তি। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো জায়ান্টদের বিদায় আর প্যারাগুয়ের রূপকথার জন্ম—সব মিলিয়ে এবারের বিশ্বকাপ রূপ নিয়েছে চরম এক রোমাঞ্চে। এমনকি কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ই প্রমাণ করে দেয়, এবারের বিশ্বকাপে ‘সহজ’ বলে কোনো শব্দ নেই।
এবার শুরু হচ্ছে আসল অগ্নিপরীক্ষা—রাউন্ড অফ সিক্সটিন বা শেষ ষোলোর মহারণ। ৪ জুলাই রাত থেকে ৮ জুলাই ভোর পর্যন্ত চলবে এই টিকিটের লড়াই। যেখানে সামান্য এক ভুলেই ভাঙবে বিশ্বজয়ের স্বপ্ন, প্যাকিং করতে হবে বাড়ির টিকিট।
আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ষোলোর সেই হাইভোল্টেজ সূচি এবং ম্যাচের পর্দার পেছনের কিছু জমজমাট সমীকরণ:
১. কানাডা বনাম মরক্কো
সময়: ৪ জুলাই, রাত ১১:০০টা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বাদ পেয়েছে কানাডা। আত্মবিশ্বাসে ফুটতে থাকা এই দলটির সামনে এবার মরক্কো—যারা টাইব্রেকারে ডাচদের বিদায় করে টুর্নামেন্টের অন্যতম ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়েছে।
২. প্যারাগুয়ে বনাম ফ্রান্স
সময়: ৪ জুলাই দিবাগত রাত ৩:০০টা
শেষ বত্রিশে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে বিশ্বকে চমকে দিয়েছে প্যারাগুয়ে। তবে এবার তাদের সামনে আরও বড় দেয়াল—কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী ফ্রান্স। প্যারাগুয়ের রূপকথা কি পারবে ফরাসি বিপ্লব থামাতে?
৩. ব্রাজিল বনাম নরওয়ে
সময়: ৫ জুলাই দিবাগত রাত ২:০০টা
জাপানকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে সেলেসাওরা। তবে ব্রাজিলের সামনে এবার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে। ফুটবল ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। এই ঐতিহাসিক জুজু কি ভাঙতে পারবে হেক্সা মিশনের ব্রাজিল?
৪. মেক্সিকো বনাম ইংল্যান্ড
সময়: ৬ জুলাই, সকাল ৬:০০টা
ঘরের মাঠের চেনা দর্শক আর অবিশ্বাস্য ফর্ম—মেক্সিকো এবার ভিন্ন এক শক্তি। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি মেক্সিকান রক্ষণভাগ। এই জমাট রক্ষণ ভাঙার কঠিন পরীক্ষায় নামছেন হ্যারি কেইন ও তার থ্রি লায়ন্সরা।
৫. পর্তুগাল বনাম স্পেন
সময়: ৬ জুলাই দিবাগত রাত ১:০০টা
ইবেরিয়ান ডার্বি! শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় এবং হেভিওয়েট ম্যাচ নিঃসন্দেহে এটিই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট স্পেন। এই ম্যাচটি যে ফুটবলপ্রেমীদের নখ কামড়ানো উত্তেজনা উপহার দেবে, তা বলাই বাহুল্য।
৬. যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
সময়: ৭ জুলাই, সকাল ৬:০০টা
আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের ‘স্বর্ণালী প্রজন্মের’ উত্তরসূরিদের। তবে মার্কিনদের জন্য বড় ধাক্কা—লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে এই বাঁচা-মরার ম্যাচে মাঠে নামতে পারছেন না তাদের অন্যতম সেরা ফরোয়ার্ড ফোলারিন বালোগান।
৭. আর্জেন্টিনা বনাম মিসর
সময়: ৭ জুলাই, রাত ১০:০০টা
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের অবিশ্বাস্য নাটকের পর ধুঁকতে ধুঁকতে টিকে গেছে আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে লিওনেল স্কালোনির শিষ্যদের পার হতে হবে মোহাম্মদ সালাহর মিসরীয় বাধা। মিসরও কিন্তু তেতে আছে, কারণ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে তারা।
৮. সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া
সময়: ৭ জুলাই দিবাগত রাত ২:০০টা
আলজেরিয়াকে বিদায় করা সুইজারল্যান্ড এবং আফ্রিকান পরাশক্তি ঘানাকে প্যাক-আপ করানো কলম্বিয়া—দুই দলের শক্তিই প্রায় সমানে সমান। ল্যাটিন আমেরিকার ছন্দ বনাম ইউরোপীয় শৃঙ্খলার এই ম্যাচটি দিয়েই পর্দা নামবে শেষ ষোলোর রোমাঞ্চের।
পরবর্তী ধাপ: ৮ জুলাই থাকবে পুরো টুর্নামেন্টের একদিনের বিরতি। এরপর ৯ জুলাই থেকে শুরু হবে মাঠের আসল যুদ্ধ—কোয়ার্টার ফাইনাল। ফুটবল বিশ্বের চোখ এখন টেলিভিশন পর্দায়, কার হাতে উঠবে কোয়ার্টারের টিকিট আর কারা ফিরবে অশ্রুসিক্ত চোখে? উত্তর দেবে সময়।
আরএন