আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে ‘গুম’-এর অভিযোগে পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, পরে সীমান্ত এলাকায় তাকে পাওয়া যায়। তবে সুখরঞ্জনের পরিবার এবং কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ ছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান।
এই ঘটনায় ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি দাবি করেন, যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তিনি গুম ও নির্যাতনের শিকার হন।
ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।