সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও, সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামে প্রাণ হারিয়েছেন ৬৩৬ জন। ফলে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
আরএন