দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১১৮টি শিশু আক্রান্ত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজন শিশুর মৃত্যু হলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭১৯ জন শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গে ৬২৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১৬৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৫১ জন হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়েছে। এ সময়ে ৮৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
এ সময়ে মোট ৮৫ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮১ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আরএন