দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩১ জন।
হামের উপসর্গে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ, যেখানে এ পর্যন্ত ২৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৬৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন রয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮২ হাজার ৭৫৯ জন হাসপাতাল ছেড়েছেন।
আরএন