সদ্য সমাপ্ত জুন মাসে রেমিট্যান্স আসার ধারাবাহিকতায় ছেদ পড়েছে। জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার), যা আগের মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম। এতে টানা ছয় মাস ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স আসার যেই ধারাবাহিকতা সেখানে ছেদ পড়েছে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার)। সে তুলনায় জুনে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ ছাড়া, ২০২৫ সালের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের জুনে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম এসেছে।
টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুনে কমেছে গতি। সদ্য বিদায়ী অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরে দেশে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এরপর অর্থবছরের সপ্তম মাস ও চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আসে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ৩ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার, মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং মে মাসে আসে ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স নেমে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। এর ফলে টানা ছয় মাস পর ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এলো প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সদ্য বিদায়ী জুন মাসে দেশে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
এসআর