⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:০০ পিএম

X

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার এবং প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়ার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
আইনের ৫(গ) ধারায় প্রেক্ষাগৃহ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম, ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়েবপেজ, ই-মেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সংক্রান্ত কোনো বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ৫(ঙ) ধারায় বাংলাদেশে নির্মিত বা প্রচারিত এবং বিদেশে নির্মিত সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) ব্যবহারের দৃশ্য কিংবা তামাকজাত দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা নিষিদ্ধ করা হয়েছে।
আইনটির কার্যকর বাস্তবায়নে সরকারি-বেসরকারি টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ব্যবহারসংক্রান্ত দৃশ্য প্রচার থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।
সূত্র: বাসস
-টিএস