ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম
X

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় তার সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন।

রায়ের খবর এলাকায় পৌঁছানোর পর ক্ষুব্ধ নেতাকর্মীরা ছোট দারোগাহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসলাম চৌধুরী নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড যুক্ত করে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী ওই আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না।

বিএনপির কয়েকজন নেতা বলেন, আসলাম চৌধুরী দলের দুর্দিনের ত্যাগী নেতা এবং জনগণের ভোটে সীতাকুণ্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের দাবি, তার বিরুদ্ধে দেওয়া এ রায় তারা মেনে নিচ্ছেন না এবং দ্রুত তার সংসদ সদস্য পদ পুনর্বহালের ব্যবস্থা করা উচিত।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মহাসড়কের ছোট দারোগাহাট এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কে ফেলে রাখা গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝