ফেনীর ফুলগাজী উপজেলায় গভীর রাতে ঘরের চাল কেটে ভেতরে ঢুকে হাত-পা বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত কাজল আক্তার (৩৫) কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং স্থানীয় ইসমাইল মাস্টারের ভাইয়ের পুত্রবধূ। তিনি তিন সন্তানের জননী।
শুক্রবার রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা আধাপাকা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কাজল আক্তারের হাত-পা বেঁধে তাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ঘরে তার সন্তানরাও ছিল, তবে তাদের ওপর কোনো হামলা করা হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএটিবি/ এসআর