ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুয়েট অ্যালামনাইদের নিবন্ধনের শেষ সময় ৩০ জুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৪২ পিএম
X
Advertisement

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং এর পূর্বসূরি প্রতিষ্ঠান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৪ জুলাই (শুক্রবার) একটি মতবিনিময় সভা কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের উদ্যোগে আয়োজিত এ সভায় দেশ-বিদেশে কর্মরত সকল অ্যালামনাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করা, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কুয়েটকে একটি বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র হিসেবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে কুয়েটের অবদান আরও জোরদার করার বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হবে।

বর্তমানে কুয়েট দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিজ্ঞান, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কুয়েটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধারাবাহিক অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা কুয়েটের ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে।

মতবিনিময় সভায় অংশগ্রহণে আগ্রহী সকল অ্যালামনাইকে আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এ মতবিনিময় সভা একটি ফলপ্রসূ, তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যতমুখী আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement