ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে: শিক্ষামন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২৯ পিএম
X
Advertisement

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রায় ৮২ হাজার ৫০০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার জটিলতার কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং কাজের গতি কমে যাচ্ছে। এ বিষয়ে আদালতের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত এসব মামলার নিষ্পত্তি করা যায়।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। দ্রুত এ সমস্যার সমাধান করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও জুতা বিনামূল্যে দেওয়া হবে। পর্যায়ক্রমে এই প্রকল্প সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে মিড ডে মিল চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই শিশুদের আনন্দময় শিক্ষা। শিক্ষা শুধু জিপিএ-৫ পাওয়া বা বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।”

শিক্ষামন্ত্রী আরও জানান, শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে পর্যায়ক্রমে সরকারি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. নুসরাত ফাতেমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবসহ অনেকে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস সিক্স থেকে ধাপে ধাপে কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্কুল ও কলেজকে সিসি ক্যামেরার আওতায় এনে শিক্ষা কার্যক্রম মনিটরিং করা হবে। এছাড়া ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ প্রকল্পের আওতায় শিক্ষকদের ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হবে। আগামী জানুয়ারি থেকে নতুন বইয়ে খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক ও পরিমার্জিত পাঠ্যবই প্রকাশ করা হবে।

মন্ত্রী জানান, প্রতিটি স্কুলে সোলার প্যানেল, ওয়াইফাই এবং স্মার্ট ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ সম্পূর্ণভাবে এনটিআরসির মাধ্যমে সম্পন্ন করা হবে এবং শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষকদের অবসর ও অন্যান্য ভাতা পরিশোধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সোনারগাঁওয়ে একটি টেকনিক্যাল স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং পর্যাপ্ত জমি পাওয়া গেলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।

উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনটি শিল্পপতি বাবু অমল পোদ্দার নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন।

এইচএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement