ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি ১৬ মাসের সর্বোচ্চ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:২৯ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১১:৩০ এএম
X

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতির হার এর চেয়ে বেশি ছিল।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, এক বছর আগে ১০০ টাকায় যে পরিমাণ পণ্য কেনা যেত, বর্তমানে সেই একই পণ্য কিনতে ব্যয় করতে হচ্ছে ১০৯ টাকা ৪২ পয়সা।

বিবিএসের তথ্য বলছে, গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। সেই হিসাবে, মাত্র এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ পয়েন্ট। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।

অর্থনীতিবিদদের মতে, এপ্রিলে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রভাব বাজারে প্রতিফলিত হতে শুরু করেছে। গত ১৯ এপ্রিল সরকার প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকায় নির্ধারণ করে। পরে ৩১ মে আরও এক দফা দাম বাড়ানো হলেও এর প্রভাব মে মাসের মূল্যস্ফীতির হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয়ের পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণন ব্যয়ও বেড়ে যায়। এর প্রভাবে চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, মাংস ও শাকসবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়। পাশাপাশি পোশাক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবার ব্যয়ও বেড়েছে।

বিবিএসের হিসাবে, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে।

শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি রয়েছে। মে মাসে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এ হার ছিল ৯ দশমিক ২৫ শতাংশ।

এদিকে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২১ শতাংশ। ফলে প্রকৃত আয় কমে যাওয়ায় অনেক পরিবারকে খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় সংকোচন করতে হচ্ছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝