ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যেকোনো সময় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩৬ এএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি শেষ হওয়ার পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি জোরালো আলোচনায় এসেছে। বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া প্রস্তাবগুলো পর্যালোচনার পর বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। যেকোনো সময় দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। কারণ জুন থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর করতে হবে।

জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দাম নির্ধারণে দুই মাস আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই কমিটি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা থেকে দেড় টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী বিইআরসির মাধ্যমে যেন বিদ্যুতের দাম বাড়ানো হয়।

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ২০ ও ২১ এপ্রিল দুই দিন গণশুনানি করে বিইআরসি। শুনানিতে দেশের ছয়টি বিতরণ কোম্পানি বিদ্যুতের খুচরা মূল্য প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করে। 

শুনানিতে গ্রাহকদের প্রতিনিধিরা জানান, বিদ্যুৎখাতে প্রচুর অনিয়ম-দুর্নীতি আছে। সেগুলো বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিম্ন এবং মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি। এ মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই কোনো ভাবে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। 

শুনানিতে স্টিল মিলের মালিকরা বলেন, 'কোভিডের পর দেশে ব্যবসা-বাণিজ্য বেশ খারাপ। এখন বিদ্যুতের দাম বাড়ালে দেশের স্টিল মিলগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে।'

গণশুনানিতে গ্রাহকদের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ভাবেই গরিব গ্রাহকের (লাইফ লাইন) ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না।

দেশে এখন বিদ্যুতের গ্রাহক ৪ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৪৮১ জন। এর মধ্যে আবাসিক গ্রাহক ৪ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ১২১। এর মধ্যে গরিব (লাইফ লাইন) অর্থাৎ শূন্য থেকে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এমন গ্রাহক ১ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৩৮০ জন।

বিইআরসির কর্মকর্তারা জানান, কমিশন কোনো ভাবেই এখন লাইফ লাইনে হাত দেবে না। কারণ গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতি নিম্নমুখী। দেশে গরিবের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় লাইফ লাইন গ্রাহকদের ঘাড়ে বাড়তি বিল চাপিয়ে দেওয়া যাবে না।

বিইআরসির কাছে দেওয়া প্রস্তাবে পিডিবি তার খুচরা গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব করেছে। 

তবে বিইআরসির কারিগরি দল সুপারিশ করেছে, বিতরণ কোম্পানির বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

জানা যায়, বিইআরসি তার কারিগরি কমিটির সুপারিশকৃত এক টাকা ২৫ পয়সার প্রস্তাবটি গ্রহণ করতে পারে।

সংস্থাটির একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণশুনানি ও অন্যান্য জায়গা থেকে সব মতামত পাওয়া গেছে। এখন বিইআরসি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কত বাড়বে। তবে এই বাড়তি বিল ইউনিট প্রতি ১ টাকার কম নয়।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝