গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভেজাল গুঁড়া হলুদ তৈরির অভিযোগে এক মিল মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে আব্দুল খালেকের হলুদ ভাঙা মিলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এসময় পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি মিলে কাঠের গুঁড়া ও ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে হলুদ গুঁড়া উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
পরেশ চন্দ্র বর্মন জানান, অভিযানের সময় খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং ও অন্যান্য ভেজাল উপাদান ব্যবহার করে হলুদ গুঁড়া প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসময় মিল থেকে বিভিন্ন ভেজাল উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিল মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
টিএইচজে/ এসআর