মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে হাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ। এর মধ্যে লাবিব ওয়াদি সোপানের বাড়ি মুন্সীগঞ্জে এবং আজওয়াত তওসিফের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এ সময় তাদের মধ্যে ৬ থেকে ৭ জন পুকুরে গোসল করতে নামেন, অন্যরা পুকুরপাড়ে অবস্থান করছিলেন।
একপর্যায়ে লাবিব ওয়াদি সোপান ও আজওয়াত তওসিফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তাদের বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএইচ/আরএন