বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মহিষপুরা ফাঁড়ি পুলিশের টু-আইসি এএসআই ঝন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে দিনমজুর হিসেবে কৃষিকাজ করতেন। তারা হলেন—বিধান বাছাড় (৫৫) ও তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)।
নিহতদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রী জানান, মাঠে বীজতলা রোপণের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই সহোদরের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নিকটস্থ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বিধান বাছাড়ের স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অপর নিহত মানিক বাছাড়ের স্ত্রী বিথি রানী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, হোগলাপাশা ইউনিয়নে দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একে/আরএন